Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে ফরিদগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর ঘিরে ফরিদগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মে) শেষ বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ফরিদগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো চাঁদপুর সফরে আসছেন। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের নির্দেশনায় জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “জনসভায় ফরিদগঞ্জ থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।”

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু ও মাসুদ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরিফ পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান/ ১৩ মে ২০২৬