চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৩ মে ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এ সময় টুর্নামেন্টের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে। ইতোমধ্যে টুর্নামেন্টের অধিকাংশ খেলা সম্পন্ন হয়েছে। আগামী ১৫ মে শুক্রবার বিকেলে গৃদকালিন্দিয়া ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, সদস্য সচিব সাংবাদিক সোহেল খান, বিএনপি নেতা মহসিন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেজবা উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি নেতা মোঃ মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক বিল্লাল হোসেন খান বলেন, “ফাইনাল খেলায় দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে দর্শকরা উপভোগ করবেন মনোমুগ্ধকর ফুটবল লড়াই। খেলাপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”
ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বার পাইকা-বদরপুর স্পোর্টিং ক্লাব এবং গৃদকালিন্দিয়া ৭ নম্বর ওয়ার্ড একাদশ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur