চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ে আবারও ফিরতে শুরু করেছে শিক্ষার সুশৃঙ্খল ও মানসম্মত পরিবেশ। একসময় যে বিদ্যালয়টি ভালো ফলাফল, শৃঙ্খলা ও গুণগত শিক্ষার জন্য এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছিল, সময়ের ব্যবধানে সেখানে শিক্ষার পরিবেশে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে বর্তমান শিক্ষা সংস্কার কার্যক্রম এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের বিভিন্ন উদ্যোগে বিদ্যালয়টিতে এখন নতুন করে প্রাণ ফিরে এসেছে বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
২০০২ সালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই এলাকায় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, একসময় বিদ্যালয়টিতে ছিল কঠোর শৃঙ্খলা, নিয়মিত পাঠদান এবং মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা। কিন্তু বিগত সময়ে নকল, গাইডনির্ভরতা ও পরীক্ষামুখী শিক্ষার প্রবণতায় প্রকৃত জ্ঞানচর্চা কিছুটা ব্যাহত হয়। এতে শিক্ষার গুণগত মানেও প্রভাব পড়ে।
বর্তমানে শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনায় সেই পুরনো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, সৃজনশীল ও বাস্তবভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা কার্যক্রম চালানো হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নেওয়া শিক্ষা সংস্কারমূলক পদক্ষেপ দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে নকল ও প্রশ্নফাঁস সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মেধাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ছে।
স্থানীয় একাধিক শিক্ষক জানান,মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে যেসব কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তার নির্দেশনায় শিক্ষার্থীদের সঠিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি। এখন শুধু পরীক্ষায় পাস নয়, শিক্ষার্থীদের মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
অভিভাবকরাও শিক্ষাব্যবস্থার এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নকলনির্ভরতা কমে গিয়ে শিক্ষার্থীরা এখন নিজেদের যোগ্যতায় ভালো ফল করার জন্য পড়াশোনায় মনোযোগী হচ্ছে। এতে প্রকৃত মেধার বিকাশ ঘটবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের পাটোয়ারী বলেন,বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
সুশীল সমাজের প্রতিনিধিরাও মনে করছেন, শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে বাস্তবমুখী ও কঠোর উদ্যোগের বিকল্প নেই। তারা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষায় শৃঙ্খলা, মেধা ও নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। শিক্ষামন্ত্রীর বর্তমান উদ্যোগ সেই পথকেই আরও সুগম করছে।
শিক্ষা সংশ্লিষ্টদের আশা, এ ধারা অব্যাহত থাকলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/ ১৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur