Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ইয়াবা-গাঁজাসহ ১১ মাদক মামলার আসামি নারী গ্রেফতার

ইয়াবা-গাঁজাসহ ১১ মাদক মামলার আসামি নারী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ রোকেয়া আক্তার ওরফে খুকি (৩৭) শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, আটক রোকেয়ার বিরুদ্ধে ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুর থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

সোমবার (১১ মে) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আরিফুর রহমান সরকার, এসআই মোঃ হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল। এ সময় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোকেয়া আক্তারকে ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার রোকেয়া আক্তার ওরফে খুকি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা এলাকার মন্নান মুন্সি বাড়ির বাসিন্দা এবং শীর্ষ মাদক কারবারি মোঃ আবদুল করিমের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, রোকেয়া আক্তারের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রায়পুর থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, “চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও গাঁজাসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
১১ মে ২০২৬