চাঁদপুরের হাইমচর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৭ মে) উপজেলার উত্তর আলগী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় থানা পুলিশের দুটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ উত্তর আলগী পুরাতন পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন মাঝি বাড়ির সামনের রাস্তা থেকে মোঃ রুবেল হোসেন বেপারী (৩৭) নামে একজনকে গ্রেফতার করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল উত্তর আলগী গ্রামের হেদু মিয়া বেপারীর ছেলে।
এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন উত্তর আলগী সরদার বাড়ির সামনের রাস্তা থেকে মোঃ সুজন গাজী (৩২) নামে অপর একজনকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুজন ভিঙ্গুলিয়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮ ও ৯)।
হাইমচর থানার ওসি নাজমুল হাসান জানান, আসামিদের আজই (৭ মে) যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
-মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur