কুমিল্লায় প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৩৬ জন। গেলো সপ্তায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও গেলো কয়েক দিন ধরে আবারো বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নয় মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তাঁরাপুর গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার দিনগত রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল উল্লেখ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ। তিনি জানান, স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লায় মারা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে সন্দেহজনক ৩৩ হাম রোগী ভর্তি হয়েছে। জেলার হাসপাতালগুলোতে অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ৮৩৮ জন। অদ্যবধি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা ৬৯২ জন। সরকারি হিসেবে অদ্যবধি জেলায় হাম সন্দেহে মৃত্যু ৫ জন।
-জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur