চাঁদপুরের মতলব পৌরসভার ওয়ার্ড ভিত্তিক মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ৬ নংওয়ার্ডের ঢাকিরগাঁও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি হিসেবে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক কমিশনার শাহজাহান মল্লিক। এছাড়া আরও বক্তব্য রাখেন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল, সুজন পাটোয়ারী, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন ভুঁইয়া।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হবে, কারণ মাদক কেবল স্বাস্থ্যই নষ্ট করে না, বরং পুরো সমাজব্যবস্থাকে অবক্ষয় করে তোলে। “মাদক কে না বলুন” – এই অঙ্গীকার নিয়ে আমাদের একাত্ম হতে হবে।
বক্তারা আরো বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা যদি সরকারি দলের হয়ে থাকে তাহলে তাদেরও ছাড় নেই। দলে তাদের জায়গা নেই। পুলিশ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। ওসি হাফিজুর রহমান মানিক বলেন, মাদক নির্মুল করতে পুলিশের পক্ষে একা সম্ভব নয়। সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যেহেতু মাদকের বিরুদ্ধে যুবসমাজ সংঘবদ্ধ হয়েছে এবং মাদক প্রতিরোধ কমিটি করা হয়েছে এখন মাদক নির্মুল করা সহজ হবে। এসব কাজ করতে গিয়ে কেউ হুমকির শিকার হলে ওই হুমকি দাতা যত বড় শক্তিশালী হোক চুল পরিমান ছাড় দেয়া হবে না। সমাজকে সুন্দর করতে পুলিশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
-মাহফুজ মল্লিক/ ২৭ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur