চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিশা গ্রামের পূর্ব গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। প্রায় ১৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভাঙাচুরা, জরাজীর্ণ এই ভবনেই এখনো চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের দুটির একতলা ভবনের মধ্যে একটি বিদ্যালয় ভবনের দেয়াল ভেঙে ইট বেরিয়ে গেছে, বিভিন্ন স্থানে প্লাস্টার ও ঢালাই খসে পড়ে লোহার রড বের হয়ে আছে এবং সেগুলোতে মরিচা ধরে ভবনটি আরও দুর্বল হয়ে পড়েছে। জানালার অংশ ভেঙে বড় ফাঁক সৃষ্টি হয়েছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবুও শ্রেণীকক্ষের অভাবে বাধ্য হয়ে পরিত্যাক্ত ভবনের একটি কক্ষে চলছে নিয়মিত ক্লাসের পাঠদান।
জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৩-৯৪ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে। চার কক্ষবিশিষ্ট এই ভবনটি বর্তমানে সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ১৫ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এখনো একই স্থানে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।
বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ১২১ জন। প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
বিদ্যালয়টি অবস্থিত স্থানীয় আমিন পাটয়ারী বিএসসির বাড়িতে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ভবন দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম ফাহিম জানান, ভবনটি প্রায় ১৫ বছর আগে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। নিলামের জন্য আবেদন প্রস্তুত করা হয়েছে। নিলাম সম্পন্ন হলে ভবনটি ভেঙে নতুন ভবনের জন্য আবেদন করা হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দ্রুত এই ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ করে আধুনিক ও নিরাপদ নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।
-কবির হোসেন মিজি/ ২৬ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur