Home / উপজেলা সংবাদ / হাইমচর / ​হাইমচরে জাটকা সংরক্ষণে জরুরি সভা

​হাইমচরে জাটকা সংরক্ষণে জরুরি সভা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুরের হাইমচরে উপজেলা মৎস্য টাস্কফোর্স কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি অমিত রায়-এর সভাপতিত্বে সভায় জাটকা সংরক্ষণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। সভায় বক্তারা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা নিধন রোধে দিনরাত অভিযান পরিচালনা এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।

সভায় জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা বিএনপি সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি ​মোঃ মহসিন মিয়া, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ​কংকন কুমার, বাংলাদেশ কোস্ট গার্ড (নয়ানী আউট পোস্ট) পেটি অফিসার ​নাছির উদ্দিন, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক ​হারুনুর রশিদ গাজী।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ-এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ এবং মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ সভায় অংশ নেন।

​গৃহীত সিদ্ধান্তসমূহ: ১. অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার করা। ২. জাটকা বিক্রয় ও পরিবহন রোধে নিয়মিত বাজার মনিটরিং। ৩. জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানো। ৪. জাটকা নিধনে ব্যবহৃত অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা।

​সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “জাটকা রক্ষা করা কেবল মৎস্য বিভাগের কাজ নয়, এটি আমাদের জাতীয় সম্পদ রক্ষার লড়াই। কোনো প্রভাবশালী মহলের তদবির চলবেনা এবং অভিযান কঠিন থেকে কঠিনতম করা হবে।”

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ) 

৬ এপ্রিল ২০২৬