চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই আমজাদ আলী চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আমির হোসেন ওরফে স্বপন (৫২) এবং মো. হাবিবুর রহমান (৪২)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোতাহার হোসেন পাটওয়ারীর ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও আবু জাফর পাটওয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বহিরাগত লোকজন নিয়ে এসে বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।
এ ঘটনায় শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃত আমির হোসেন (স্বপন) চাঁদপুরের চির্কা এলাকার সেকান্তার আলীর ছেলে এবং হাবিবুর রহমান নোয়াগাঁও গ্রামের শহিদ উল্যাহর ছেলে বলে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
প্রতিবেদক: শিমুল হাছান,
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur