চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে তীব্র দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)।
৪ এপ্রিল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। অভিযুক্ত চেরাগ আলী (৮০) উপজেলার রাগৈ সুদুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক হাস্যরস্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, তার স্বামী চেরাগ আলী দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করে আসছেন। পাশাপাশি তার মুখে তীব্র দুর্গন্ধ থাকায় ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বারবার মুখ পরিষ্কার করার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগে বলা হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের থানায় ডেকে বিষয়টি আলোচনা করে সমাধান করা হয়েছে।”
প্রতিবেদক: আশিক বিন রহিম
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur