চাঁদপুরের শাহরাস্তিতে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপজেলার ২ টি ফিলিং স্টেশন ও খুচরা তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গার হান্নান ফিলিং স্টেশন এবং ওয়ারুক স্টেশন বাজারে কাজী ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, যমুনা ও মেঘনা ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় হান্নান ফিলিং স্টেশনে ২৭মার্চ দুপুর ১২টা থেকে এবং কাজী ফিলিং স্টেশনে গত ২৪ মার্চ থেকে বিক্রয়যোগ্য অকটেন শেষ হয়ে যায়। এদিকে ২৭ তারিখ হান্নান ফিলিং স্টেশনে ৪ হাজার লিটার অকটেন ডিপো থেকে সরবরাহ করা হলে তা কর্তৃপক্ষ রেশনিং পদ্ধতিতে উপস্থিত গাড়ী ও বাইক চালকদের মাঝে বিতরণ করেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। বর্তমানে স্টক আউট। তবে উভয় ফিলিং স্টেশনে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ দিকে স্টক রেজিস্টার যাচাই করে জ্বালানি তেলের মজুদ সঠিক পাওয়া যায়।
অভিযান চলাকালে পাম্প মালিকদের সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা যাবে না এবং অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, কেউ যদি জ্বালানি তেল মজুদ করে বাজারে সংকট তৈরি করে বা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারে খুচরা তেল বিক্রয় কেন্দ্রগুলোতেও তল্লাশি চালিয়ে মজুদ পরিস্থিতি ও মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়।অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৮ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur