পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। গতকাল বিকেল থেকে ইতোমধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। তবে আজ ভোর থেকে ঈদযাত্রার প্রথম দিনে বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় চাপ বেড়েছে। এতে যানজট বাড়বে।
রাজধানীর সায়েদাবাদ, টিটিপাড়া, মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকে মানুষের ভিড়। বাস বাড়া কিছুটা বেশি।
এ বিষয়ে নোয়াখালীগামী কে কে ট্রাভেলসের এক যাত্রী সাবিত হাসনাইন বলেন, আমাদের নিয়মিত ভাড়া ৪৫০ টাকা। এখন ৬৫০ টাকা করে নিচ্ছে। টিকিট পেতে একটু কষ্ট হচ্ছে।
অপরদিকে চট্টগ্রামগামী বাসগুলোর নিয়মিত টিকিট ৭০০ টাকা হলেও টিকিট বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। মানুষের ঢল নেমেছে সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায়। একইভাবে মহাখালী বাস টার্মিনালেও দেখা যায়, ময়মনসিংহ নেত্রকোনাগামী মানুষ নাড়ির টানে ছুটছে।
সরকারি অফিসগুলোতে গতকাল সোমবার ছিল শেষ কর্মদিবস। সচিবালয়ের পাশাপাশি বিভিন্ন অফিসে দেখা গেছে, কর্মচারীরা তাদের ব্যাগ গুছিয়ে নিয়ে অফিসে এসেছেন। এর মধ্যে যাদের গন্তব্যস্থল অনেক দূরে, তারা অফিসের কাজ সকাল-সকাল গুছিয়ে গ্রামের পথে রওনা দেন।
ঈদযাত্রা উপলক্ষে গতকাল সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে।
এবার সরকারি ছুটি সাত দিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হবে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বিকেলে অনেক পোশাক কারখানা ছুটি হয়ে যায়। ধারাবাহিকভাবে এই ছুটি ১৯ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে পোশাক কারখানার শ্রমিকেরা টানা চার দিন ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। তবে এরই মধ্যে অনেকে তাদের পরিবার-পরিজন গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেছেন, এবার ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত হয়। ঈদে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে চলে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি বা অন্যান্য অপতৎপরতা সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়। এর ফলে সব সরকারি অফিসে ১৭-২৩ মার্চ পর্যন্ত সাতদিন ঈদের ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই ১৯-২৩ মার্চ পাঁচদিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি এবং ১৮ মার্চ ছুটি ঘোষণা করায় এবার ঈদে টানা সাতদিনের ছুটি পাওয়া যাচ্ছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৭ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur