Home / চাঁদপুর / চাঁদপুরে ক্যাম্পসের বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কর্মসূচি
ক্যাম্পসের

চাঁদপুরে ক্যাম্পসের বর্ণাঢ্য র‍্যালী ও সচেতনতা কর্মসূচি

সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরণী। এই প্রতিপাদ্যের আলোকে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব কিডনি দিবস-২০২৬ উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে শহরের চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কে অবস্থিত ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। পরে পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ এবং কিডনি রোগ প্রতিরোধ বিষয়ক ও সচেতনতা বিষয়ে পরামর্শ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পসের) মেডিকেল অফিসার ডা. সিজন শেখ, সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াদ, সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ জুলেখা বেগম, টেকনেশিয়ান সুজন শেখসহ

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। বর্তমানে বিশ্বে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত, যা ডায়াবেটিস রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার রোগীর তুলনায় প্রায় বিশ গুণ বেশি। ১৯৯০ সালে মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগের অবস্থান ছিল ১৯তম, যা বর্তমানে ৭ম স্থানে উঠে এসেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে এটি ৫ম স্থানে পৌঁছাতে পারে।

বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া আরও ২৪ থেকে ৩০ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিসের প্রয়োজন হয়।

উল্লেখ্য, সুলভ মূল্যে কিডনি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পস ইতোমধ্যে ঢাকা ছাড়াও টাঙ্গাইল, চাঁদপুর, মাদারীপুর, সখিপুর, নবাবগঞ্জ, ঝিনাইদহ ও ঘাটাইলসহ বিভিন্ন স্থানে কিডনি সেবা ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করেছে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এসব কেন্দ্র থেকেও নিজ নিজ এলাকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১২ মার্চ ২০২৬