রোজা রাখা অবস্থায় অজু করে আসরের নামাজ পড়ার প্রস্তুতি নেয়ার সময় আকষ্মিকভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ তা’য়ালার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের বাসিন্দা নেছার উদ্দিন মাষ্টার।
গত কয়েকদিন বুকে ব্যাথা অনুভব করলে তিনি ঢাকায় ডাক্তারের পরামর্শ নিয়ে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার উত্তরায় তার ছোট ভাই বাহাউদ্দিন বাহারের বাসায় অবস্থানকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টায় হাজারো মানুষের উপস্থিতিতে শেষ চোখের জ্বলে বিদায় দেয়া হয় তাকে। এমন মৃত্যু কয়জনের ভাগ্যেই জুটে। মোঃ নেছার উদ্দিন মাষ্টার মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর-পুরন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছিলেন।
এর আগে তিনি কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় ও দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সকলের কাছে একজন ন্যায় ও সততার উজ্জল দৃষ্টাত্ব স্থাপন করেন। যার কারনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভবাবক, এলাকাবাসী ও সহকর্মীদের কাছে একজন অতি-আপন মানুষ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২অবুঝ শিশু কন্যা, মা ও ৩ ভাইসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার পরিজন সহ এলাকাবাসী।
মঙ্গলবার নিজ গ্রামে তার জানাযার নামাজ পড়ান কচুয়ার শাজুলিয়া দরবার শরিফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী। এসময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াস মিয়া, দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলাম, তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কাশিমপুর-পুরন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিপক চক্রবত্রী, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রিড়া শিক্ষক এমদাদ উল্লাহ, খিলমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশিকুর রহমান, ব্যাংকার মো: জাহিদুল ইসলাম, মরহুমের বাল্যবন্ধু আনোয়ার হোসেন নিপু, ছোট ভাই বাহাউদ্দিন বাহার ও মরহুমের আত্মীয় মাসুদ রানা সহ আরো অনেকে। পরে মরহুমের লাশ খিলমেহের নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় এলাকার হাজারো মানুষের ঢল নামে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
১০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur