Home / চাঁদপুর / জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া
দুর্যোগ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে চাঁদপুরে “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় হাসান আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হলে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে হবে। তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে একটি সচেতন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ যেকোনো সময় ঘটতে পারে। এসব দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। মহড়ার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া সম্ভব হয়। তিনি আরও বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খানের সভাপতিত্বে ফায়ার সার্ভিসের লিডার আবু হাসানের সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল খায়রুল কবির, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সর্দার,চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম এবং ব্র্যাকের চাঁদপুর জেলা সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান।

মহড়ায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ এবং তাতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক এই মহড়া বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ও আটকে পড়া লোকদের উদ্ধার কৌশল; রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং এবং জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া বিধ্বস্ত ভবনে অনুসন্ধান করে ভিকটিম শনাক্ত করা, প্রবেশ পথ তৈরি করে উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের হাসপাতালে পরিবহনের কার্যক্রমও দেখানো হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুর এলাহী।

উল্লেখ্য, দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত এই দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন মহড়া ও গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১০ মার্চ ২০২৬