Home / চাঁদপুর / সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর বিনির্মাণে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে
চাঁদপুর

সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর বিনির্মাণে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। এ সময় প্রধান অতিথির পক্ষ থেকে নির্বাচিত প্রত্যেক প্রতিযোগীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং সংগঠনের বর্তমান সভাপতি আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ধ্রুবরাজ বণিক, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ, সামাজিক সংগঠন আপনার প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদ আক্তার, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু এবং চাঁদপুর পরিবেশক মালিক সমিতির সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, আবৃত্তি কেবল একটি শিল্প নয়, এটি মানুষের চিন্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির চর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন আরো বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের যদি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার সঙ্গে সম্পৃক্ত করা যায়, তাহলে তারা বিপথগামী হওয়ার সুযোগ পাবে না।

সভাপ্রধানে বক্তব্যে মাইনুল ইসলাম মানিক বলেন, চাঁদপুর সাহিত্য মঞ্চ সবসময়ই সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে আবৃত্তি ও সাহিত্যপ্রেম জাগিয়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং সমাজকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে সাহায্য করে।

এ সময় চাঁদপুর সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক এএম সাদ্দাম হোসেন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম শান্ত, এসএম তায়েব হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৫ মার্চ ২০২৬