ঈদকে সামনে রেখে চাঁদপুর কোর্ট স্টেশন এলাকায় ছিনতাই আতঙ্ক বেড়েই চলছে।শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা কোর্ট স্টেশন ও বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন সরু সড়কটি এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের এই ব্যস্ত পথটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভোগান্তির মধ্যে দিন পার করছেন।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় থাকে। সুযোগ বুঝে তারা পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিশেষ করে নারী যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা আরও বেশি বেড়েছে।
ভুক্তভোগীরা জানান, রেলস্টেশন ও মসজিদের মধ্যবর্তী এই সংকীর্ণ পথটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় মুহূর্তের মধ্যেই ছিনতাইকারীরা তাদের টার্গেট সম্পন্ন করে। অনেকেই চোখের সামনে সবকিছু হারিয়েও কার্যকর কোনো প্রতিকার পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ দিলেও অধিকাংশ ক্ষেত্রে জিডির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকে, ফলে অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
এলাকার ব্যবসায়ী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনই এখানে ছিনতাই হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে দ্রুত এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্ট্রিটলাইট নিশ্চিতকরণ এবং নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/
১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur