পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান নেতারা।
পৌর সদরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। সমাজে নৈতিক অবক্ষয় রোধ, দুর্নীতি পরিহার এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াতে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, রমজান শুধু ইবাদতের মাস নয়; এটি আত্মসংযমের মাধ্যমে ব্যক্তি ও সমাজকে পরিশুদ্ধ করার এক অনন্য সুযোগ। সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই হওয়া উচিত সবার অঙ্গীকার।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস হেলাল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur