আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর শেষ দিনের নির্বাচনী প্রচারণার জনসভায় মিছিল সহকারে অংশগ্রহণ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার নেতাকর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমীর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করেন। মিছিলে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নির্বাচনী জনসভায় মুফতি সিরাজুল ইসলাম কাসেমী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের আলেম-ওলামাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের কোনো প্রখ্যাত আলেম বা পীর-মাশায়েখ জামায়াতের পক্ষে নেই। বরং ছরছিনার পীর, বাহাদুরপুরের পীর, জৈনপুরের পীর, উজানীর পীর, হেফাজতে ইসলামের আমির এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ দেশের শীর্ষ আলেমরা জামায়াতকে একটি ভ্রান্ত দল হিসেবে চিহ্নিত করেছেন এবং দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা জমিয়ত নেতা মুফতি সাব্বির আহমদ, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এবং জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক আশ্রাফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জমিয়ত নেতৃবৃন্দ ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণমানুষের সমর্থনে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব সংবাদদাতা/
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur