চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শহরের পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বক্তব্যে বলেন, আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন। আগেতো ভোট ছাড়া হেতেরা এমপি মন্ত্রী মেয়র হয়েছে। আমরা সেটা চাই না।আমরা চাই জনগণ ১২ তারিখ ভোট দিবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিককে জয়যুক্ত করবেন।
তিনি বলেন, আপনারা জানেন হাসিনা সরকার আমাদের নেত্রীর উপর কি নির্যাতন চালিয়েছিলো।কিন্তু আল্লাহর কি খেলা ৩২ নাম্বারের ইট পর্যন্ত জনগণ খুলে নিয়েছে। আর আমাদের নেত্রীর জানাজায় লাখ লাখ লোক হয়েছে। দেশের মাটিতে সমাধিত হয়েছে। এই যে দিপু মনিরা ভেবেছিলো তারা আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু আজকে তারা পালিয়ে যেতে হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের উপর আস্থা রেখেছে। আপনারাও আস্থা রাখতে হবে। আজকে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে।অথচ এই জামায়াতের আমিরের ৩ বার জামানত বাজেয়াপ্ত হয়েছে। শিবির হচ্ছে রগকাটা দল। যারা জান্নাতের টিকেট বিক্রি করে তাদের কাছে আমি জানতে চাই আপনাদের টিকেট কনফার্ম হয়েছে কিনা।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মনিরা আহমেদ।
চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায়
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, শেখ ফরিদ আহমেদ মানিকের কন্যা ফারিসা আহমেদ মানহা, জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মূফতি সাব্বির আহমেদ, চাঁদপুর জেলা মহিলা দলের সহ সম্পাদিকা নাইমা রহমান,
বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা হাসান আহমেদ, ফারজানা আক্তার লাকি, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট সেলিনা সুলতানা সুপ্তা, চাঁদপুর সদর থানা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক, চাঁদপুর শহর মহিলা দলের সভাপতি জোহরা আহমেদ হিরা সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু।
সভার শুরুতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশ স্থলে আসতে শুরু করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur