এবার ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন প্রত্যেক এমপি
দেশের সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা।
চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা।
এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ। ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল।
কেন বিশেষ বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন।
এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।
সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।
বিশেষজ্ঞ মত-
সরকারের এ উদ্যোগের বিষয়ে মতামত জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে একদিকে রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়। এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে। কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হলে তার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। কী প্রক্রিয়ায় প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এতে দলীয়করণ ও অর্থের অপচয়ের পুরোনো চর্চাই অব্যাহত থাকছে, যা দুঃখজনক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। এ ধরনের বরাদ্দের মাধ্যমে সেই নির্দেশনারও কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধির মৌলিক দায়িত্ব ও ভূমিকার ধারণা ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলেই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার এবং সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে নিজেদের ও দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, আইন সংস্কার এবং জনগণের পক্ষ থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু তাদের আইন প্রণয়নের ক্ষমতা ক্রমাগত প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতায় রূপ নিচ্ছে। সংসদ সদস্যরা নিজেরাই যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি যুক্ত হন এবং দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনকে এর সঙ্গে সম্পৃক্ত করেন, তাহলে সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন কীভাবে— এ প্রশ্ন থেকে যায়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের সুবিধাভোগী কারা হবেন, তা নির্ধারণেও স্থানীয় সংসদ সদস্যদের সম্মতির বিষয়টি জড়িত থাকে। এ ছাড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমেও সংসদ সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও উঠেছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর একটি তাত্ত্বিক যুক্তি রয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষের ভোটে নির্বাচিত হন। ফলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদের হাতে আর্থিক একটি হাতিয়ার দেওয়ার যুক্তি দেখানো হয়। কিন্তু অতীত অভিজ্ঞতায় এ ধরনের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, ভালো কাজের উদাহরণ ব্যতিক্রম। তাই এ ধরনের বরাদ্দ অব্যাহত থাকলে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন। সংবিধান অনুযায়ী তারা আইন প্রণয়ন করবেন, বাজেট অনুমোদন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমেও সরকারি ব্যয় ও অর্থায়নের সিদ্ধান্ত তদারকির সুযোগ রয়েছে। এতে এ জন্য সংসদ সদস্যদের আলাদা তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকে যায়। (সূত্র- সমকাল)
চাঁদপুর টাইমস ডেস্ক/
১১ নভেম্বর ২০২৬