এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দু’বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী,আগামিকাল মঙ্গলবার ৩ নভেম্বর থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। প্রায় এক সপ্তাহ ফরম পূরণের সুযোগ দেয়ার পর আগামি ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামি ১-৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দু’বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। আগামি এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে দীর্ঘ বিরতি তৈরি না হয়, সে লক্ষ্যেই দ্রুত পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত সময়সূচি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

২ নভেম্বর ২০২৬
এ জি