হাইমচরে ৩ কেন্দ্রে অংশ নিয়েছে ১০৬২ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় চাঁদপুরের হাইমচর উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। এ বছর উপজেলার ৩টি কেন্দ্রে মোট ১ হাজার ৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার হাইমচরে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩টি পৃথক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

​এসএসসি পরিক্ষায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭৪ জন। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষায় ৪৪১ জন উপস্থিত থাকলেও ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

​দাখিল পরিক্ষায় দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ বিষয়ে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ জন উপস্থিত ছিল।

​ভোকেশনাল পরিক্ষায় এমজেএস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ​পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে অভিজ্ঞ শিক্ষকদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে রয়েছেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলী জিন্নাহ্, হলসুপার ছিলেন মোঃ আশরাফ উল্লাহ (সিনিয়র শিক্ষক), দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে দাখিল কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে রয়েছেন মাওলানা জিল্লুর রহমান (অধ্যক্ষ, আলগী বাজার আলিম মাদ্রাসা), হলসুপার হিসেবে রয়েছেন মোঃ আঃ হামিদ (সুপার, কমলাপুর দাখিল মাদ্রাসা)।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রগুলো পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল।

​পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করে বলেন, “নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। প্রথম দিনে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ও পরিবেশ অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে।”

​উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন ছিল এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ২১ এপ্রিল ২০২৬