হাইমচরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুরের হাইমচরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপারভাইজার আহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মান্নান সিকদার, গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান এবং দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণ ও সুন্দর ক্রীড়াসুলভ মনোভাব বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করবে এবং ভবিষ্যতে হাইমচরের সুনাম বয়ে আনবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। শিক্ষক ও সংশ্লিষ্টদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৭ সেপ্টেম্বর ২০২৬