Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ
উদ্যোক্তার

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ

গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে পাঁচ উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। মঙ্গলবার (৬ অক্টোবর) পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে হাইমচর শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঋণ কর্মসূচির আওতায় ডিজিটাল ইকোসিস্টেম খাতে দুজন উদ্যোক্তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পল্লী নারী উদ্যোক্তা খাতে একজনকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজ খাতে দুজন উদ্যোক্তাকে ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়। সব মিলিয়ে পাঁচ উদ্যোক্তার মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৭ অক্টোবর ২০২৬