চাঁদপুরের হাইমচর থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে মোট ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১১ জুলাই) হাইমচর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) ফারুক উল ইসলাম। তিনি সঙ্গীয় ফোর্সসহ হাইমচরের গন্ডামারা এলাকার (০৫নং ওয়ার্ড) শিমুল পাটওয়ারীর বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে রাসেল গাজী (২৮) ও ফারুক শেখ (৩৫) নামে দুইজনকে আটক করেন।
আটককৃতরা উভয়েই হাইমচরের পূর্ব চরভাঙ্গা (০৯নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। এ সময় তল্লাশি চালিয়ে আসামি রাসেল গাজীর হেফাজত থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে পিএসআই (নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ উত্তর আলগী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড় সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে মোঃ জিহাদ মিজি (২১) নামের অপর এক যুবককে গ্রেফতার করেন। জিহাদ মিজি ফরিদগঞ্জ থানার পশ্চিম লাড়ুয়া (০৮নং ওয়ার্ড) এলাকার মিজান মিজির ছেলে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরও একটি মামলা (মামলা নং-১৪) রুজু করা হয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur