চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান জামালিয়া বাজার থেকে বড়দৈল-গুতপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণ না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় যানবাহন কাদায় আটকে যায়, ফলে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। এ সড়ক ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা কাজী আব্দুস সাত্তার ও রাশেদুল ইসলাম জামান জানান, সড়কটি দ্রুত পাকা করা হলে যাতায়াত সহজ হবে, সময় ও পরিবহন ব্যয় কমবে এবং এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের আরও উন্নয়ন ঘটবে। বিশেষ করে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষের চলাচল সহজ হবে।
তাই রাস্তাটি দ্রুত পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিলাস্থান জামালিয়া বাজার থেকে বড়দৈল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দ্রুত পাকাকরণের উদ্যোগ নিবেন প্রশাসন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur