হাইমচরে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম বেপারী ওরফে ইবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একাধিক মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে এসআই শ্রী সমীর দাস, এএসআই আবু হানিফ, এএসআই হান্নান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উত্তর আলগী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড়ে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. ইব্রাহিম বেপারী ওরফে ইবুকে তল্লাশি করা হয়।

দেহ তল্লাশির একপর্যায়ে তার পরিহিত লুঙ্গির সামনের গোছা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার ইব্রাহিম বেপারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া (বেপারী বাড়ি) এলাকার নুর ইসলাম বেপারীর ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি হাইমচর থানার এফআইআর নং-০৯, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-২৩৩।

এছাড়া গ্রেপ্তার ব্যক্তি এর আগে হাইমচর থানার এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২২৬, তারিখ ৩১ আগস্ট ২০২৬-এর মাদক মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ইব্রাহিম বেপারীর বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
৮ সেপ্টেম্বর ২০২৬