হাইমচরে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফয়সাল আখন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফয়সাল উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা (আখন বাড়ী) গ্রামের আনোয়ার আখনের ছেলে। পুলিশ জানায়, ফয়সাল ইতিপূর্বের দুটি জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় এএসআই হান্নান উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। শুক্রবার (০৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে চরভাঙ্গা এলাকার জনতা বাজার থেকে হাওলাদার বাজারগামী সড়কের বাচ্চু শনির বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশি নথিতে দেখা যায়, গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে হাইমচর থানায় আগে থেকেই দুটি মামলা রয়েছে:
১. মামলা নং- ৯ (১৪/১১/২০২৪), ধারা- ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি)।
২. মামলা নং- ১৪ (২২/০৭/২০২৩), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরও একটি নতুন মামলা (এফআইআর নং-১১) দায়ের করা হয়েছে।
​হাইমচর থানা পুলিশ জানায়, শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: ​মোঃ আলমগীর হোসেন (আসিফ) / ৮ মে ২০২৬