হাইমচরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

হাইমচরে বিশেষ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের মোঃ আলমগীর হাওলাদারের ছেলে মোঃ জুম্মন (২২), দক্ষিণ আলগী গ্রামের আব্দুল ছাত্তার ভূঁইয়ার ছেলে সাব্বির হোসেন (২৩) এবং পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের ওমর ফারুকের ছেলে নাজিম উদ্দিন (২৩)।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় গত ১৪ অক্টোবর রাতে পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাত ১১টা ৪০ মিনিটে চরভাঙ্গা সাকিনস্থ কালা চৌকিদার মোড় থেকে জনতা বাজারগামী তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হাইমচর থানা সূত্রে জানা গেছে, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, জি আর নং-২৭২) রজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, (১৫ অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৫ অক্টোবর ২০২৬