হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ১৮২ বাংলাদেশি

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, মোট ১৮৯টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী দেশত্যাগ করেন।

এ পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সৌদি আরবের মক্কা ও মদিনায়; এর মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মারা যান।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৯৫টি, সৌদি এয়ারলাইন্স এর ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এর ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী অন্তর্ভুক্ত আছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ১৮ এপ্রিল। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ফ্লাইট কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।

হজ ফ্লাইট আজ পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা ৩০ জুন পর্যন্ত চলবে। পুরো ব্যবস্থাপনায় সার্বিক সমন্বয় ও ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২১ মে ২০২৬

এ জি