কচুয়া উপজেলার সাচার-রাগদৈল সড়কের বিভিন্ন ভাঙাচোরা অংশ সংস্কার করে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরিয়ে এনেছে সাচার রেনেসাঁ ফাউন্ডেশন। রেনেসাঁ ফাউন্ডেশনের অর্থায়নে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি ও তরুণ উদ্যোক্তা জিয়া উদ্দিন মজুমদারের উদ্যোগে শুক্রবার সকালে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাচার উত্তর বাজার থেকে নয়াকান্দি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে যানবাহন চলাচল এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে সাচার রেনেসাঁ ফাউন্ডেশনের সহযোগিতায় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট ফেলে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীও সংস্কার কাজে অংশ নেন। রাস্তার ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামতের ফলে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমেছে বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ যাত্রী, পথচারী ও যানবাহন চালকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর রাস্তার ভাঙা অংশগুলো সংস্কার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানান।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি ও তরুণ উদ্যোক্তা জিয়া উদ্দিন মজুমদার বলেন, “জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে আমরা পাশে থাকব।” এ মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে এবং সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/ ২০ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur