চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট আর্জেন্টিনা পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রায় ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। এ সময় আকাশি-সাদা রঙে ছেয়ে যায় শহরের প্রধান সড়কগুলো।

মঙ্গলবার ১৬ জুন বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহিদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়), কোর্ট মোড়, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা বহন করেন। এ সময় প্রিয় দলের জার্সি,বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন তারা। বিশ্বকাপের গান ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনা সমর্থকদের এ আয়োজনের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী শান্ত আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ক্রীড়া সম্পাদক সাংবাদিক শামসুজ্জোহা রানা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিব জোয়ার্দ্দার।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক শেখ লিটন বলেন, চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা অনেক। বিশ্বকাপ এলেই আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবারও আমরা আশা করছি, আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে।

আরেক সমর্থক শিরিন জামান বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই আমরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছি।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে আরও বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে তাদের।

আয়োজকরা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে চুয়াডাঙ্গার আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খেলাকে কেন্দ্র করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা ঘিরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা যায়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অনেকে সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন। আর্জেন্টিনা সমর্থকদের দাবি, বিশ্বকাপ চলাকালীন আরও নানা আয়োজন করা হবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ গত ১১ জুন শুরু হয়েছে যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই আসরটি ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

১৩ জুলাই ২০২৬
এ জি