বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১শ জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনা হবে।
আগামি ৫ অক্টোবর শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হবে।
২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড.মাহদী আমিন।
ড.মাহদী আমিন বলেন,দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবারই প্রথম পরিধি ব্যাপকভাবে বাড়িয়ে তা ১০০ জনে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা—সব স্তরের শিক্ষকদেরই এর অন্তর্ভুক্ত করা হবে।
সম্মাননা প্রাপ্তদের যোগ্যতার ক্ষেত্র তুলে ধরে শিক্ষা উপদেষ্টা জানান,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ,কারিগরি ও মাদ্রাসা শিক্ষকেরা এতে বিবেচিত হবেন। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের পাশাপাশি চিকিৎসা,কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকেরাও এ তালিকায় স্থান পাবেন।
তিনি বলেন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা তালিকা যাচাই-বাছাই করে স্টিয়ারিং কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিবেদিতপ্রাণ শিক্ষকদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি আরও সুদৃঢ় করতেই প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম,মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড.খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৮ সেপ্টেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur