শাহরাস্তি মাদক সেবনের দায়ে দু’মাসের জেল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনের দায়ে মো. ইউছুফ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উয়ারুক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. ইউছুফ উপজেলার উয়ারুকের দোপল্লা গ্রামের বাসিন্দা। অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১২ অক্টোবর ২০২৬