শাহরাস্তিতে ১৩ বছরের শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা


চাঁদপুরের শাহরাস্তিতে ১৩ বছরের এক শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পশ্চিম নরহর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী নাদার বয়সী নাসির উদ্দিনের (৫৫) লালসার শিকার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী বাবা-মায়ের কন্যা সন্তানটি নাসির উদ্দিনের বাসায় প্রায় সময় ঘরের কাজ করতো। সেই সুযোগে ধর্ষণের শিকার হয় মেয়েটি। শিশুটি জানায়, তার বাবা-মা সাত মাস আগে প্রতিবেশী নাসির উদ্দিনের বাসায় কাজে পাঠায়।

নাসিরউদ্দিন সুযোগ পেলেই তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করতো। গত ফেব্রুয়ারি মাসে জোরপূর্বক একটি রুমে নিয়ে সে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্যে শিশুটিকে ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয় এবং কাউকে জানালে তার পিতা-মাতাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। প্রাণভয়ে মেয়েটি কাউকে কিছু জানায়নি।

গত মঙ্গলবার (২ জুন ২০২৬) শিশুটির চাচী শারীরিক পরিবর্তন দেখে জানতে চাইলে সে ধর্ষিত হওয়ার বিষয়টি প্রকাশ করে। ধর্ষিতার পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে ধর্ষক নাসির উদ্দিন পালিয়ে যায়।

ধর্ষিতা শিশুর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এখন আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমরা আইনের আশ্রয় নিবো এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে চিতোষী পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমিও শুনেছি এবং এর সত্যতা পেয়েছি। একটি অসহায় পরিবারের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৪ জুন ২০২৬