শাহরাস্তিতে নজরুল বর্ষ উদযাপন

চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির সাম্য, মানবতা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রুহুল আমিন ও আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩১ আগস্ট ২০২৬