২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৬ সাল চললেও এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কৌতূহল তৈরি হয়েছে আগামী বছরের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হতে পারে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্যও একই নির্দেশ করছে।

গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি শনিবার রমজান মাসের চাঁদ দেখার পর্যবেক্ষণ করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করে ৭ ফেব্রুয়ারি রবিবার শেষ হবে। সেই হিসেবে পরদিন সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র সিয়াম সাধনা।

সিয়াম সাধনার মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও জানিয়েছে জর্ডান নিউজ। ওই প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের রমজান মাসটি ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি এবং তা ৮ মার্চ সোমবার শেষ হতে পারে। ফলে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে হিজরি ক্যালেন্ডারের প্রতিটি মাসই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদিও জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ জানিয়েছেন, তবুও রমজান ও ঈদ শুরুর চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।

২ আগস্ট ২০২৬
এ জি