মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজন, শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ নেন। একই সঙ্গে আয়োজিত নৃত্য প্রতিযোগিতার দুটি বিভাগেও অংশগ্রহণ করে বিপুলসংখ্যক প্রতিযোগী।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জহির উদ্দিন বাবর বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যেভাবে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শুধু প্রতিযোগিতার আয়োজন করাই যথেষ্ট নয়, শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। আমি আশা করি, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সংবর্ধনা গ্রহণ করেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুরের টি আই (অ্যাডমিন) প্রবীর কুমার দাশ এবং সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী।
এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান ও ক্লিন বালিয়া এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা শাহরিয়ার খান তানিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি এম বিল্লাল, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট নুরুল হক কমল, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদ এবং সংগঠনের উপদেষ্টা আশিকুর রহমান খান।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী, অতিথি ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
২৭ জুন ২০২৬