মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক খান মইনুদ্দিন সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল নিয়োগ পেয়েছেন। এত দিন সংস্থাটির পরিচালকের (মাধ্যমিক) দায়িত্বে ছিলেন তিনি। একইসঙ্গে তিনি মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে চলতি দায়িত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। চলতি দায়িত্ব প্রদান করার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে।

জানা যায়, গত ছয় মাস ধরে নিয়মিত মহাপরিচালক (ডিজি) ছিল না মাউশিতে। দীর্ঘদিন ধরেই পদটি নিয়ে একধরনের অস্থিরতা চলে আসছিল।

এর আগে, গত বছরের ১৪ অক্টোবর মাউশির তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগে, ২০২৫ সালে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।

আজাদ খানকে সরিয়ে দেওয়ার পর সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের কাজ চালিয়ে আসছিলেন।

পরে ৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়।

এরপর, গত ১৬ এপ্রিল মাউশির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত খান মইনুদ্দিনকে সংস্থাটির ডিজির অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হয়।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৪ এপ্রিল ২০২৬