‘মতলব–পেন্নাই সড়কে আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস বন্ধ করে দেয়া হবে’
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল তিনটায় পানির ট্যাংকি এলাকায় সচেতন মহলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন নামক এক বাসের ধাক্কায় সিএনজির ১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ২ যাত্রী ও চালক গুরুতর আহত হয়।
এ ঘটনাসহ সম্প্রতি মতলব -গৌরীপুর পেন্নাই সড়কে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। বহুবার জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস চালকের শতর্কতার সহিত বাস চালানোর নির্দেশনা দেয়া সত্ত্বেও কর্ণপাত না করায় ওই তিনটি বাসের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা অটো গাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর প্রধানসহ সচেতন মহলের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,মতলব সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, চাই ফিটনেস বিহীন বাস এবং ওই বাসের ড্রাইভার থাকবে অভিজ্ঞতা সম্পন্ন। বক্তারা
আরও বলেন, পেন্নাই সড়কের কোথাও যেন অদক্ষ চালকের কারনে দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেস বিহীন বাস চলাচল বন্ধ করা না হলে ওই বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোর মধ্যে চালকদের বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।
প্রশাসনের উদ্দেশ্য বক্তারা বলেন, বাবুরহাট ও মতলব থেকে দুরপাল্লার যেসব যাত্রীবাহী বাস চলাচল করছে তা নিয়মিত মনিটরিং করার পাশাপাশি অভিযান চালাতে হবে।
ফিটনেসবিহীন বাস,অদক্ষ চালক ও হেলপার দিয়ে বাস চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।আমরা চাই মতলবে একটি সুন্দর ও নিরাপদ সড়ক ব্যবস্থা।
মানববন্ধনে অটোগাড়ী মালিক কণ্যান সমিতির সহ সভাপতি শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধাক্ষ্য আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটো গাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক সচেতন মহলের দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিকদের বলেন,আগামী রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদে মতলব এক্সপ্রেস, জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস বাস মালিক,ড্রাইভার ও হেলপারদের নিয়ে আলোচনায় বসা হবে।ওই সভায় সচেতনমহল,সাংবাদিক ও সুধীজন উপস্থিত থাকবেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৬ আগস্ট ২০২৬