মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালকের মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণে চলন্ত অটোবাইক উল্টে খালে পড়ে ওই গাড়ীর চালক ছিদ্দিক মিয়াজীর (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টায় উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজীর ছেলে ।
পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,ছিদ্দিক মিয়াজী মঙ্গলবার দুপুরে যাত্রীবিহীন অটোবাইকটি চালিয়ে তার বাড়ির পাশে নওগাঁও আড়ংবাজার থেকে উপজেলার নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিল। নওগাঁও এলাকায় ব্রীজের নিকট পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে চালক ছিদ্দিক মিয়াজীকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অটোবাইক চালকের বড় ভাই মো: হায়দার মিয়াজী বলেন, ‘ভাই আগে থেকেই অসুস্থ ছিল। অসুস্থ শরীর নিয়েই অটোবাইক চালাতো। অটোবাইক চালিয়ে যা আয় হতো তা দিয়েই সংসারের খরচ চলত। তার সংসারে তিন স্ত্রী রয়েছে। তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে গেলো।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২২ সেপ্টেম্বর ২০২৬