মতলব দক্ষিণে ভাগ্নিকে বাইক চালানো শিখাতে গিয়ে মামার মৃত্যু, ভাগ্নি আশঙ্কাজন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাগ্নিকে বাইক চালানো শিখাতে গিয়ে দুর্ঘটনায় মামা রাব্বি হোসেন (২৩) মারা গেছে। ভাগ্নি ঈশা মনি (১৪) কে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (২ জুন) সোমবার বিকেল সাড়ে ৪ টায় মতলব সেতুর উত্তর পার্শ্বে এপ্রোচ সড়কে বাইক এবং সওজ এর গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
রাব্বির বাড়ী মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে। বর্তমানে কলাদীতে বসবাস।তার পিতার নাম মিজানুর রহমান। ঈশা মনির বাড়ী মতলব উত্তর উপজেলায়। তার পিতার নাম জুয়েল। দীর্ঘদিন যাবৎ ঢাকাতে বসবাস তাদের। ঢাকায় একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে পড়ালেখা করছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশা মনি গতকাল মতলবে নানার বাড়ী বেড়াতে আসে। মামা রাব্বির বাইক দেখে ড্রাইভিং শিখার আগ্রহ হয় ভাগ্নি ঈশা মনির। পরে তার মামাকে সাথে নিয়েই বিকেলে বাইক চালানো শিখতে গিয়ে সড়ক ও জনপদ বিভাগের গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাইকসহ রাব্বি ও ঈশা মনি দু’জনেই ছিটকে পড়ে যায়।রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা যায়। এদিকে ঈশা মনির অবস্থা বেগতিক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে সেখান থেকে বাইক উদ্ধার করে থানা নিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২ জুন ২০২৬