মতলব দক্ষিণে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার
চাঁদপুরের মতলব দক্ষিণে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনার রবিবার ( ২ আগস্ট) সকাল সাড়ে দশটায় কেএফটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও কেএফটি’র যৌথ আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে “প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। অনুষ্ঠানের শুরুতেই কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মোঃ জাকির হোসেন কামাল অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার কর্মকৌশল তুলে ধরেন। কেএফটি কলেজিয়েট স্কুল অল্প সময়ের মধ্যে মানসম্মত লেখাপড়া, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্যাটাগরীতে উপজেলা,জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে সফলতার দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন বিগত কয়েকটি বছর মতলবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অযোগ্য এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের দিয়ে কমিটি করার কারনে লেখাপড়া শেষ করে দিয়েছে। প্রধান শিক্ষকদের উদ্দেশ্য
তিনি বলেন, আমরা পিছনের দিকে না তাকিয়ে মতলবের কেএফটি কলেজিয়েট স্কুলকে অনুসরণ করে প্রত্যকটি স্কুলে পাঠদান করবেন। প্রাইভেট বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের আন্তরিককতার সাথে সময় দিন।তাহলে সন্তোষজনক ফলাফল আসবেই। এক্ষেত্রে স্থানীয় সাংসদ ড.মো.জালাল উদ্দিন আপনাদের পাশে থাকবে। আপনাদের যেকোনো সমস্যা সম্মুখীন হলে তা সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে।
এসময় মতামত ব্যক্ত করেন
বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মো: মানিকুর রহমান মানিক,মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাভেদ হোসেন, দিঘলদী এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মোঃ শামীম আহমেদ, প্রফেসর জিএম হাবিব খান, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ খান, দিগুলি এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব চৈতন্য পাল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের কেএফটি স্কাউট এবং রেড ক্রিসেন্ট দলের সদস্যরা অভ্যর্থনা জানান।
সম্মেলন কক্ষে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইশমাম অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২ আগস্ট ২০২৬