মতলব উত্তরে প্রবল ঝড়ে ঘরের উপর গাছ পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রচন্ড ঝড়ের তান্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ফয়েজ আহমেদ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘুমন্দ অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়া শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার গজরা ইউনিয়নের টরকি কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

ঈদের আগে এ মৃত্যু পরিবারের ওপর আকাশ ভেঙ্গে পড়ার মতো। ফয়েজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পরপরই হঠাৎ প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় গাছ উপড়ে টিনশেড ঘরের ওপর ভেঙে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশু ফয়েজ আহমেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন স্বজনরা।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ঈদকে সামনে রেখে এমন হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা।

নিজস্ব প্রতিবেদক/ ২৬ মে ২০২৬