মতলব উত্তরে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

চাঁদপুরের মতলব উত্তরে দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মতলব উত্তর, চাঁদপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর জেলার উপপরিচালক মোহাম্মদ আবু তাহের। তিনি বলেন, “বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকায়ন করতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা তৃণমূলের কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন এবং মতলব উত্তর উপজেলা সমবায় অফিসার মো. ফারুক হোসেন। বক্তারা নিরাপদ ফসল উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সমবায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিএফএসভুক্ত ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা নতুন কৃষি প্রযুক্তি ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মতলব উত্তর উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

নিজস্ব প্রতিবেদক/১৩ মে ২০২৬