মতলবে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু


চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় ইসরাত জাহান ইমা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে|

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে|

ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি। সে নানার বাড়ীতে থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করতো। মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে।


জানা যায়, ওই দিন দুপুরে তার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরে চালে উঠায় ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুৎতায়িত হয়ে থাকে। এ সময় ইসরাত জাহান ইমা চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।


নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, ওই শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো| সে খুব মেধাবী ছিলো সে নানা বাড়ী থেকে লেখাপড়া করতো।


মতলব দক্ষিণ থানার অফিসার হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,

২৪ এপ্রিল ২০২৬