বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের আরও জানান, জোটগুলোর মধ্যে বণ্টন করা আসন অনুযায়ী একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।
ফলে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীরই মনোনয়ন বৈধ হয়। জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং ও স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পার না হওয়া সংক্রান্ত কারণে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করে ইসি। এ ছাড়া কোনো জোট বা দলের পরিচয় এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায় অন্য তিনজনের মনোনয়নও বাতিল হয়।
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই শনিবার
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির দাখিলকৃত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের পরিপ্রেক্ষিতে আগামীকাল শনিবার তাঁর মনোনয়ন বাছাইয়ের দিন ধার্য করেছে ইসি।
রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামীকাল শনিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইকালে প্রার্থীসহ তাঁর প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
গত ২১ এপ্রিল বিকেল ৪টায় মনোনয়ন দাখিলের সময় শেষ হলেও নুসরাত ১৯ মিনিট পর তা ইসিতে
দাখিল করেন। ফলে রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে বাছাই কার্যক্রমের বাইরে রাখেন। পরে সোমবার নুসরাত হাইকোর্টে আপিল করলে আদালত ইসিকে মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ মে ২০২৬