বাবুরহাটে উচ্ছেদের পর পুনরায় দখলের পাঁয়তারা, রক্ষার দাবীতে মানববন্ধন
চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর ২১ দিন আগে উচ্ছেদের পর পুনরায় জায়গা দখলের পাঁয়তারার প্রতিবাদে ও সরকারি জায়গা দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোবারক মার্কেটের ব্যবসায়ীরা।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এই মানববন্ধন করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা জানান, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সম্প্রতি পুনরায় সেই জায়গা দখলের চেষ্টা চলছে। এই ধরনের অবৈধ দখলের কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান, দীর্ঘদিনের এই যানজটের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে আসতে চান না, যার ফলে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী একবার উচ্ছেদ হওয়া জায়গায় যেন আর কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন থেকে দখলের পাঁয়তারা বন্ধ, সরকারি জায়গা উন্মুক্ত রাখা এবং পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে হাজী মোবারক মার্কেট এর সভাপতি মোঃ আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী রাজীব তালুকদার, কোষাধ্যক্ষ, সদস্য মাহফুজ তালুকদার, মো: মোস্তফা, মো: আলী, মজিবুর রহমান, মকবুল আহমেদ, নাসির বকাউল, শাহজাহান মালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ভুঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, “যে জায়গা নিয়ে কথা হচ্ছে, সেটি সওজের কতটুকু এবং কার জায়গায় পড়েছে তা যাচাইয়ের জন্য সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে আমাদের সীমানা নির্ধারণ করা হচ্ছে। যদি সেখানে আমাদের জায়গায় কোনো অবৈধ স্থাপনার চেষ্টা করা হয়, তবে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৭ সেপ্টেম্বর ২০২৬